প্রতিনিধি : শহরের আদর্শ মুসলিমপাড়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে আবু বকর ছিদ্দিক (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ রয়েছে।
তার মা নাজমা বেগম ও মাদ্রাসার মোহতামিম তাফাজ্জল হোসেন জানান, ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় চাঁদপুর শহরের কোড়ারিয়ার বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় সে। কিন্তু আবু বকর ছিদ্দিক আর মাদ্রাসায় পৌঁছেনি। পরিবারের লোকজন চাঁদপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি।
এ ব্যাপারে ১ ফেব্রুয়ারি চাঁদপুর মডেল থানায় তার মা নাজমা বেগম একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, জিডি অনুযায়ী সারাদেশের থানায় তার খোঁজে বার্তা পাঠানো হয়েছে। এ ছাড়া জিডির তদন্তের জন্য থানার উপ-পরিদর্শক (এসআই) সীমারানী বড়ুয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপ-পরিদর্শক (এসআই) সীমারানী বড়ুয়া জানান, নিখোঁজের অনুসন্ধান চলছে।
চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ইয়াসিন হাওলাদারের ছেলে আবু বকর ছিদ্দিক। সে আদর্শ মুসলিমপাড়া নূরানী হাফেজিয়া মাদ্রাসায় থেকে হেফজ বিভাগে লেখাপড়া করত।
