
মিজান লিটন
কচুয়ায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৪-এর নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিককে তার কক্ষে বসে ধূমপানে মগ্ন থাকতে দেখা গেছে। আর ঐ দিকে হলে পরীক্ষার্থীরা হৈচৈ করছে।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৪-এর নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র ছিলো। গতকাল ৩০ নভেম্বর রোববার পরীক্ষায় শেষ দিন ছিলো গণিত বিষয়ের পরীক্ষা। ২০টি বিদ্যালয়ের ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ৫৯২ জন, আর ২টি মাদ্রাসার ইবতেদায়ী পরীক্ষার্থীর ৫৫ জনের মধ্যে উপস্থিত ছিলো ৪৭ জন। সাংবাদিক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে দেখতে পান অফিস কক্ষে কেন্দ্র সচিব প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক ধুমপানে মগ্ন ও টাকা গোনায় ব্যস্ত।
পরীক্ষার হলে এতো হৈচৈ জানতে চাইলে তিনি জবাবে বলেন, পরীক্ষার শেষ দিন, সে জন্য পোলাপাইন হৈচৈ করে আনন্দ করছে। তিনি আরো বলেন, পোলাপাইন পরীক্ষার আগের দিনই সব প্রশ্ন পেয়ে যায়, এটা কি একটা পরীক্ষা হলো নাকি ? এ সময় তিনি ধূমপান করছেন আর সাংবাদিকের সাথে কথা বলছেন। তখন সময় বেলা ১২টা ১ মিনিট। পরীক্ষা কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিলেন কচুয়া ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র উপ-আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আবু সায়েম চৌধুরী। তাকেও দায়িত্ব পালনে অবহেলায় দেখা গেছে।
