চাঁদপুর প্রতিনিধি ॥ রূপালী ইলিশের রাজধানী নামে খ্যাত চাঁদপুরের পদ্মা-মেঘনার মা ইলিশ রক্ষায় আগামী অভয়াশ্রমকালে তালিকাভুক্তসহ সকল জেলেদের নৌকা আটক রাখার প্রস্তুতি গ্রহনের জন্য একমত পোষণ করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
রবিবার (২ আগষ্ট) দুপুর ১২টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যমের ব্যাক্তিবর্গের সাথে মৎস্য সেক্টরের অবদান, চাঁদপুরের মৎস্য সেক্টরের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক মতিবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপতিত্বে ও জেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, সহ-সভাপতি বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, প্রেসক্লাব সদস্য আব্দুল আউয়াল রুবেল।
বক্তারা আরো বলেন, চাঁদপুরে ধীরে ধীরে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তি হচ্ছে। বিশেষ করে মেঘনায় ইলিশের পোনা জাটকাসহ বেলে ও দেশীয় পাঙ্গাস বেশী করে নিধন হচ্ছে। এ বিষয়ে মৎস্য বিভাগের বাস্তমুখী উদ্যোগ গ্রহন করতে হবে।
এছাড়াও বর্তমানে চাঁদপুরে বাণিজ্যিকভাবে নিষিদ্ধ পিরহানা মাছের চাষ এবং বাজারে বিক্রি হচ্ছে। এসব মাছ চাষ না হওয়ার বিষয়ে প্রদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। মা ইলিশ রক্ষায় প্রশাসন, মৎস্য বিভাগ ও গণমাধ্যমসহ বড় ধরনের উদ্যোগ গ্রহন করলে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও বক্তারা বলেন।

