স্টাফ রিপোর্টার॥
মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে আটক ২শ’ ৬০ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও মৎস্য আইনে ৩৯ জেলেকে ১লক্ষ ৯৭ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়। শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা মৎস্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, কারাদন্ড প্রাপ্ত ২৬০ জেলের মধ্যে ৬ জেলেকে ২বছর, ২৩৫ জেলেকে ১বছর, ১২ জেলেকে ১মাস, ৫ জেলেকে ১৫দিন, ১ জেলেকে ৭দিন ও ১ জেলেকে ৩দিন। কিশোর জেলে, বয়স্ক জেলেসহ বিভিন্ন অপরাধে ৩৯ জেলের কাছ থেকে ১লক্ষ ৯৭ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এসব বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা ও নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলা করেছেন ২শ’ ৮৯টি।
চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামান জানান, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চাঁদপুর নৌ-সীমানার পদ্মা-মেঘনায় মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার জন্য সরকার সকল ধরনের মাছ নিধন নিষিদ্ধ করে। ৯ অক্টোবর দিনগত রাত ১২টা পর্যন্ত নৌ-পুলিশ অভিযান পরিচালনা করে। এ বছর রাজনৈতিক কিংবা স্থানীয় জেলে নেতাদের পক্ষ থেকে কোন ধরনের তদ্বির না থাকায় অভিযান সফল হয়েছে।
চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, এ বছর অভিযানের শুরু থেকে প্রশাসন কঠোর অবস্থান নেয়। সে কারণে বিগত বছরের তুলনায় জেলে ও ব্যবসায়ীরা অনেক সচেতন হয়েছে। এতে মা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছে। তবে চাঁদপুরের সব শ্রেনীর মানুষের একান্ত সহযোগিতা ছিলো। আগামী মার্চ এপ্রিল জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে পারলে ইলিশের উৎপাদন বহুগুন বৃদ্ধি পাবে।

