
রফিকুল ইসলাম বাবু, ॥
চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরানবাজারে ভাঙনে কবলিত ৭ পরিবারকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের চেক দেয়া হয়েছে। রোববার বিকেলে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। এসময় তিনি বলেন, গত মঙ্গলবার রাত ১টায় এখানে নদী ভাঙনের খবর পেয়ে আমি সাথে সাথে ভাঙন স্থানে এসেছি এবং ঝুঁকিপূর্ণ আশপাশের বাড়ি-ঘর সরিয়ে নেওয়ার জন্য বলেছি। শুধু আমি নই, ভাঙনের খবর পাওয়ার সাথে সাথে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার, পৌর মেয়রসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন। ভাঙন মোকাবেলায় তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ বিষয়ে বদ্ধপরিকর। আজ ৭টি পরিবারকে সর্বোচ্চ সাড়ে ৭ হাজার টাকা থেকে সর্বেনিম্ন ৩ হাজার টাকা করে মোট ৩১ হাজার ৫শ’ টাকার অনুদান দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রয়োজন হলে আমরা আরো দেব। আমাদের কাছে ঢেউটিন, চাল, ডাল, তেলসহ বিভিন্ন উপকরণ রয়েছে। আমরা প্রয়োজন হলে তাও দেব।এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোহাম্মদ রফিক উল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী কে এম তোফায়েল আহমেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ রায়, পরিচালক তমাল ঘোষসহ অন্যান্যরা।
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল ভাঙ্গনে কবলিত দিপক দে, রাজন দে, সঞ্জয় বণিক, অপু বণিক, বিমল দে, ননী বণিক ও বিশ^নাথ বণিকের হাতে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের চেক তুলে দেন।উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১টায় হঠাৎ করে পুলানবাজার হরিসভা মন্দির এলাকায় শহর রক্ষা বাঁধের ১শ’ ২০ মিটার মিটার এলাকায় সিসি ব্লক ধেবে যায়। ভাঙন স্থানে এখনো পর্যন্ত বালিভর্তি জিও ট্যাক্সটাইল ব্যাগ ফেলা হচ্ছে। তবে ২/১ দিনের মধ্যে ব্লক ফেলা হবে বলে জানা যায়।
শিরোনাম:
শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
