রফিকুল ইসলাম বাবু, চাঁদপুরঃ চাঁদপুর মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি এতিমখানা মাদ্রাসার দোতলার ছাদ ধসে অর্ধশত ছাত্র আহত হয়েছে। শনিবার রাতে দশটার দিকে এ ঘটনাটি ঘটে। আহতরা সবাই এতিমখানার ছাত্র। এদিকে খবর পেয়ে রাতেই চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ঘটনাস্থলে ছুটে যান। তিনি মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ছাত্রদের খোঁজ-খবর নেন এবং গুরুতর আহতদের চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন।
আহতদের মধ্যে মতলব দক্ষিণ সদর হাসপাতালে পাঠানো হয়েছে অন্তত ২৫ জনকে। বাকিদেরকে স্থানীয় আনন্দবাজার, ছেংগারচর বাজার ও মতলব উত্তর উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মতলব দক্ষিন হাসপাতালে আহত ছাত্রদের মধ্যে গুরুতর ৭জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৬ ডিসেম্বর জাতীয় দিবস উপলক্ষে ফরাজীকান্দি আলামিন এতিমখানা থেকে একটি টিম জাতীয় প্যারেড গ্রাউন্ডে চাঁদপুর স্টেডিয়ামে এবং একটি টিম মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজ প্রদর্শন করতে পাঠানো হয়। সেই কারণে টিম লিডার মোহাম্মদ হোসেন সেই এতিমখানার কুচকাওয়াজে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে টিম-মিটিং করছিলেন। এমন অবস্থায় এতিমখানার বর্ধিত অংশের দোতলার ছাদ ভেঙে পড়ে যায়।
