হাজীগঞ্জ:
হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে শ্রেয়া বণিক (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। পিতার সামনেই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটলো।
জানা যায়, শুক্রবার বিকেল ৪টার সময় হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জের কংগাইশের বণিক বাড়ির গৌরাঙ্গ বণিকের শিশু কন্যা শ্রেয়া বণিক তার বাবাসহ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো। দুই পাশ থেকে দুটি বাস ওভারটেক করার সময় শ্রেয়া বণিক বোগদাদের (ঢাকা মেট্টো ১১-৩৯৪৭) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। সাথে সাথে এলাকার উত্তেজিত জনতা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং অবরোধ তুলে নেয়ার জন্য উত্তেজিত জনতাকে অনুরোধ করে। পরে জনতা সড়ক অবরোধ ছেড়ে দিলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। এ দিকে গৌরাঙ্গ বণিকের একমাত্র সন্তানের মৃত্যুতে বাবা-মা সহ আত্মীয়-স্বজনরা শোকে যেনো পাথর হয়ে গেছে। বাবার সামনেই সন্তানের এমন করুণ মৃত্যু হওয়ায় হতভাগ্য পিতা বারবার জ্ঞান হারিয়ে ফেলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
