প্রতিনিধি
ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ দ্বারা রুমা আক্তার (২৮) নামে দু’ সন্তানের জননীকে জোরপূর্বক মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় রুমা আক্তারকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করার পর পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর তাকে পাবিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনাটি উপজেলার পশ্চিম হাঁসা গ্রামের হালিম পাটওয়ারী বাড়িতে বুধবার সকালে ঘটে।
নিহত রুমা আক্তারের স্বামী জিল্লুর রহমান জানান, প্রতিবেশী মফিজ পাটওয়ারীদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ঘটনার দিন তিনি তার ব্যবসার কাজে পার্শ্ববর্তী হরিপুর বাজারে অবস্থান করছিলেন। এমন সময় তিনি তার স্ত্রীর মোবাইল থেকে ফোন পান তার স্ত্রী রুমা বেগম বিষপান করেছে। সাথে সাথে তিনি বাড়িতে ছুটে আসেন এবং তার স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর পূর্বে অর্থাৎ সিএনজি স্কুটারযোগে তার স্ত্রীকে চাঁদপুর নিয়ে যাওয়ার সময় সে জানায়, তাকে প্রতিপক্ষরা জোরপূর্বক মুখ চেপে ধরে তার মুখে বিষ ঢেলে দেয়। তাই তিনি দাবি করেন তার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি পুলিশ প্রশাসনের কাছে ঘটনা তদন্তপূর্বক এ হত্যার বিচার দাবি করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এলেই প্রকৃত ঘটনা জানা যাবে এবং যদি এটা হত্যার ঘটনা হয় তখন সেই ব্যবস্থা নেয়া হবে।
