
স্টাফ রিপোর্টার:
: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের মাদক ব্যবসায়ী মানিক (৪০) ও সুলতান (২৫) নামে ২জন আসামীকে পুলিশ আটক করার পর হাতকড়াসহ রিকশা থেকে পালিয়ে গেছে।
মঙ্গলবার (১২ জুলাই) দিনগত রাত সাড়ে ১১টায় এই ঘটনা ঘটলেও জানাজানি হয়েছে আজ বুধবার দুপুর ২ টার দিকে। তাদের কাছ থেকে পুলিশ ১শ’ পিচ ইয়াবা উদ্ধার করে।
সুলতান ও মানিক রূপসা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সমাজ কর্মী সুজন জানায়, রাত সাড়ে ১১টায় ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক গোপন সংবাদের ভিত্তিতে সুলতান ও মানিককে আটক করে। তাদেরকে আটক করে নিয়ে আসার সময় পথিমধ্যে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার কালু তাদেরকে ছাড়িয়ে নেয়ার জন্য মধ্যস্থতা করেন। ঠিক ওই সময় হাতকড়াসহ রিকশা থেকে লাফিয়ে তারা পালিয়ে যায়।
রূপসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ ছাত্তার কালুর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি ফোনে কথা বলতে পারবো না। কোন কিছু জানতে চাইলে সরাসরি আমার কাছে আসেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামের সাথে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন এবং এসআই ফারুক বিষয়টি এড়িয়ে যান। এক পর্যায় বলেন তাদের বিরুদ্বে কোন মামলা ছিলনা।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, এই ধরণের ঘটনা ফরিদগঞ্জ থানার ওসি এখনো জানায়নি। তবে আমি বিষয়টি তদন্ত করে দেখবো। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও জল্পনা কল্পনা চলছে সকলের মাঝে।
