শাহরাস্তি প্রতিনিধি ॥ চাঁদপুরের শাহরস্তিতে উপজেলার ১৬ টি দপ্তরের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ৬ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড় টায় উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ২৬ ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানিক লাল মজুমদারের সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা প্রকৌশলী মোঃ হাবিব আহসান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খান, যুগ্ম সম্পাদক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, সদস্য ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মীর মোস্তফা কামাল প্রমুখ। এছাড়া ১৬ টি দপ্তরের বিভিন্ন স্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বেতন-ভাতাদির বিলে ইউ.এন.ও ও উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষরের অফিস আদেশ ৪০২ বাতিল, সিলেকশন গ্রেড, টাইম স্কেল পুনর্বহাল, স্ব স্ব মন্ত্রণালয়, স্ব স্ব ক্যাডার অফিসার দ্বারা পরিচালনা, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, পদোন্নতির ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেওয়া, উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে সর্বোচ্চ কর্মকর্তাদের পদ মর্যাদা একই রাখা সহ ৬ দফা দাবী তুলে ধরেন। তারা বলেন দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে আমরা পরবর্তী কর্মসূচী গ্রহণ করা হবে।

