সাথী আক্তার শিক্ষার বাণিজ্যিকীকরণের শিকার
অপমানের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের শাস্তি চাই
—————————-শিশু কিশোর মেলা
প্রেস বিজ্ঞপ্তি ঃ গত ০৪ সেপ্টেম্বর রবিবার সাথী আক্তারের আত্মহত্যায় প্ররোচনাকারী প্রকৃত অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল করে শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখা।
দুপুর ১টায় বিক্ষোভ মিছিল সংগঠনের নতুর বাজার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। এবং শহরের শপথ চত্বর মোড়ে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সংগঠক রহিমা আক্তার কলি, সাদ্দাম মাহমুদ।
উল্লেখ্য, গত ২৯আগস্ট সোমবার চাঁদপুর বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাথী আক্তার আত্মহত্যা করে। স্কুলের পরীক্ষার ফি এর পুরো অংশ দিতে পারেনি বলে, শিক্ষক তাকে অপমান করে। অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় অষ্টম শ্রেণির ছাত্রী সাথী।
সমাবেশে বক্তরা বলে, সাথী শিক্ষার বাণিজ্যিকীকরণের শিকার। শিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের ফলে ছাত্র-শিক্ষকের সম্পর্ক ক্রেতা-বিক্রেতায় পরিণত হয়েছে। যেখানে এ সম্পর্ক হওয়ার কথা ছিল শ্রদ্ধা-মমতার। সরকারের শিক্ষার নীতিগত দিক নির্ধারণ করে সাধারণ মানুষের সন্তানরা শিক্ষা পাবে কিনা। বক্তরা বলেন সাথী আক্তারের মতো লক্ষ লক্ষ শিক্ষার্থীদের শিক্ষা জীবন বাঁচানোর একমাত্র পথ-শিক্ষার আর্থিক দায়িত্ব সরকারকে নিতে হবে।
সে সাথে সমাবেশ সাথীর অপমানের সাথে যুক্ত প্রকৃত অপরাধীদের সনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবী জানান।
