মিজান লিটন
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল ১০ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় মাসিক উন্নয়ন সমন্বয় সভা। সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জেলা পাসপোর্ট অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফ্যামিলি প্লানিং, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প, জেলা শিক্ষা অফিস, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা মৎস্য বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ বিভাগ, সমাজ সেবা অধিদপ্তর, পল্লী বিদ্যুৎ, ইসলামিক ফাউণ্ডেশন, জেলা সমবায় অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা আয়কর বিভাগ, পরিসংখ্যান বিভাগ, জেলা কারাগার, জেলা আনসার ও ভিডিপি, জেলা শিশু বিষয়ক অধিদপ্তর, জেলা তথ্য অফিস, জেলা রেজিস্ট্রার অফিস, জেলা জনশক্তি অফিস, মন্দির ভিত্তিক অধিদপ্তর, জেলা পরিবেশ অধিদপ্তর, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসিসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাগণ তাদের কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।
মাসিক সমন্বয় সভায় সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার হাসপাতাল চত্বরসহ সকল উন্মুক্ত স্থানে প্রকাশ্যে ধূমপান ও এর কুফল বর্ণনা করেন। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রদীপ কুমার দত্ত সদর হাসপাতালে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের দালালদের উপদ্রবের কথাও সভায় উপস্থাপন করেন। এ ছাড়াও সভায় বড় স্টেশনে পূর্বের স্থানে লঞ্চঘাট ফিরিয়ে আনা, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান, ফার্মেসীগুলোতে বিধি বহির্ভূত ঔষধ বিক্রয়, বিভিন্ন সরকারি অফিসের বকেয়া বিদ্যুৎ বিল আদায়, দোয়াভাঙ্গা এলাকার ফুটপাত উচ্ছেদ অভিযান, হরিণা ফেরিঘাট হতে হরিণা পর্যন্ত রাস্তার সমস্যা, রেজিস্ট্রিবিহীন হ্যাচারীগুলোকে রেজিস্ট্রির আওতায় আনা, জেলে ও তাদের মেয়েদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ, মুক্তিযোদ্ধাদের মাসের শেষ দিকে সম্মানী ভাতা প্রদান, বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধিকরণ, বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, ফায়ার লাইসেন্স সংগ্রহ করা ছাড়া যাতে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স না পায় সে জন্য কঠোর নজরদারি গ্রহণসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
