
শাহারিয়ার খান কৌশিক ॥
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেলেন সেই মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত যুবতী (২৫)। গতকাল বিকাল ৩টায় তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক।
মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে গত ১৯ জুন সন্ধ্যায় মারাত্বক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করান মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ। সেই দিন থেকে সে হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। অজ্ঞাত ওই যুবতীর স্বজনদের খোঁজ-খবরের জন্য স্থানীয় সকল পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ ও ছবি প্রচার করা হলেও মৃত্যুর আগ পর্যন্ত কেউ আসেননি।
জানা যায়, দুর্ঘটনায় ওই যুবতীর মাথায় মারাত্বক আঘাতের চিহ্ন ছিলো এবং বাম হাত ভেঙ্গে যায়। কোমড়ে ক্ষতের কারণে সমস্ত শরীরে ইনফেকশন ছড়িয়ে পচন ধরে যায়। মূলত স্বজনদের কেউ এগিয়ে না আসার কারণে উন্নত চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়। ওই যুবতীর শরীরের পচনের গন্ধে ওই ওযার্ডে অন্য কোন রোগী ভর্তি থাকতে পারেনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.একেএম মাহবুবুর রহমান বলেন, মেয়েটির কোন আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে গেছে। পরে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।
