
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় সুইটি সেন্টার নামে বিএনপি নেতা শরীফ মো. ইউনুছের মালিকানাধীন বাড়ীতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করার অপরাধে ৭ লাখ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩১ মে) সকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ চাঁদপুর অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ চাঁদপুর এর নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি সত্য। আজই আমরা অভিযান করে জরিমানা করেছি। শরীফ মো. ইউনুছের মালিকানাধীন চেয়ারম্যানঘাটের বাড়ীতে গত ৩ মাস অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছে। ওই বাড়ীটিতে সাধারণত যেভাবে বিদ্যুৎ ব্যবহার করে তারাও সেইভাবে ব্যবহার করে আসছে। আমাদের বিদ্যুৎ বিভাগের নিয়মানুযায়ী তাকে জরিমানা করা হয়।
খোঁজ নিয়ে জানাগেছে, চাঁদপুর শহরে প্রিপেইড মিটার চালু থাকলেও অনেক বাড়ীর মালিক এখনো নিয়ম না মেনে আগের ডিজিটাল মিটার ব্যবহার করছে। এসব বিষয়গুলোও বিদ্যুৎ বিভাগের দৃষ্টি দেয়া জরুরি বলে অনেকে মনে করছেন। কারণ বাড়ির মালিকরা প্রত্যেক ভাড়াটিয়া থেকে সংযোগের সময় প্রিপেইড মিটারের যাবতীয় খরচ নিয়েছেন।
উল্লেখ্য, গত কিছুদিন আগেও পৌরসভার এক কর্মচারীকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার কারণে এই ধরণের জরিমানা করা হয়।
