এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে চাঁদপুরের হাজীগঞ্জ মডেল কলেজ। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে শীর্ষ দশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে কলেজটি। মোট ৯৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৬৮ জন। পাশ করেছে ৯৪৮ জন। একই বোর্ডে চাঁদপুর শহরের আল আমিন স্কুল অ্যান্ড কলেজ অষ্টম স্থান অর্জন করেছে। পরীক্ষা দিয়েছিল ৪২৮ জন। পাশ করেছে ৩৯৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন।
হাজীগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটোয়ারী জানান, গত বছরও কুমিল্লা শিক্ষা বোর্ডে এই কলেজ সপ্তম স্থান অর্জন করেছিল। এবারের সাফল্যের জন্য তিনি শিক্ষার্থীদের মেধা এবং শিক্ষকমণ্ডলীর অক্লান্ত পরিশ্রমের ফসল বলে দাবি করেন। তিনি আরো জানান, কারিগরি শিক্ষা বোর্ডেও হাজীগঞ্জ মডেল কলেজ ষষ্ঠ স্থান অর্জন করেছে। ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ জন জিপিএ-৫ পেয়েছে। এই শাখায় সবাই পাশ করেছে বলে তিনি জানান।

