আজ ১১ জানুয়ারি শনিবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড)। এদিন চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও ৭টি পৌরসভার ৬ মাস থেকে ১১ মাস বয়সী মোট ৩৭০৭৯ জন শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২৯১২৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সরকার গৃহীত এ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পাইন ২য় (রাউন্ডের) সফলতা কামনা করে এর সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
আজ ১১ জানুয়ারি ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে নীল রংয়ের (১ লক্ষ আইইউ ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে একটি লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আইইউ) খাওয়ানো হবে। কর্মসূচি সফল করার লক্ষ্যে জেলার মোট ২৩৩৯টি কেন্দ্রে ৫৬৩ জন স্বাস্থ্য কর্মী, ৪৮০ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, ৩ হাজার ৬৩৫ জন স্বেচ্ছাসেবক কর্মী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দায়িত্ব পালন করবেন।
