
আজ ২৬ রজব সোমবার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ। আল্লাহ রাব্বুল আলামীন বিশেষ মুহূর্ত ও ফজিলতের কারণে যে চার মাসে যুদ্ধ বিগ্রহ হারাম করেছেন রজব মাস তার একটি। এ ছাড়াও রজব মাসের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও ফজিলত রয়েছে তা হলো মহানবী (সাঃ)-এর সশরীরে মি’রাজ। এ রজব মাসের ২৭ তারিখ রাতে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর প্রিয় হাবীবকে গোটা সৃষ্টিকুলের অলৌকিক তত্ত্ব অবলোকন করানোর জন্য মক্কায় উম্মে হানীর গৃহে থেকে বায়তুল মুকাদ্দাস এবং সেখান থেকে অতি শীতল ও উষ্ণ বায়ু মণ্ডল, নীহারিকা জগত সাত আসমান, ফেরেশতা জগত, সিদরাতুল মুনতাহা এবং সবশেষে আলমে লাহুতের ৭০ হাজার নূরের পর্দা ভেদ করে নিজের আরশে আজীমে নিয়ে যান।
হযরত মুহাম্মদ (সাঃ)-এর সশরীরে আরশে আজীমে গমনের এ পবিত্র রাতকে লাইলাতুল মি’রাজ বলে। এ সম্বন্ধে কুরআনে পাকের সূরা বনি ইসরাইলে ইরশাদ হয়েছে, সকল পবিত্রতা সে সত্তার জন্য যিনি তাঁর প্রিয় বান্দাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। যার চতুর্দিকে পর্যাপ্ত বরকত দান করেছি। যাতে আমি তাকে আমার কুদরতের নিদর্শনাবলি দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও সর্বদ্রষ্টা।
এ রাতেই আল্লাহ্ পাক পূর্ববর্তী উম্মতের ৫০ ওয়াক্ত নামাজকে আমাদের প্রতি ৫ ওয়াক্ত নামাজ হিসেবে ফরজ করেছেন। অতএব অন্যান্য মাসের মতো এ মাসেও আইয়্যামে বীজের রোজা, বৃহস্পতি ও শুক্রবারসহ শবে মি’রাজের নফল রোজার ছাওয়াব বেশি।
মি’রাজের রাতে দু’ রাকাত করে বার রাকাত নফল নামাজ আদায় করে একশ’ কালেমা তামজীদ, একশ’বার দরুদ শরীফ ও লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম দোয়া পাঠ করে মোনাজাত করলে আল্লাহর ইচ্ছায় উক্ত দোয়া কবুল হবে, মনের নেক আশা পূর্ণ হবে।
মিরাজের রাতে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশে তথা চাঁদপুরের পাড়া-মহল্লায়, মসজিদ-মাদ্রাসাগুলোতে এ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বলে জানা গেছে।
