শিরোনাম:
রবিবার , ৭ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ১১ জানুয়ারি বুধবার সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ৬১টি জেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করাবেন। গত ২৮ ডিসেম্বর সারাদেশের ন্যায় চাঁদপুর জেলা পরিষদের নির্বাচন অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁদপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী জনপ্রতিনিধির রায়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মূলতঃ এ নির্বাচন বাংলাদেশে এই প্রথম অনুষ্ঠিত হয়। সাধারণ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা চাঁদপুরের সর্বোচ্চ পরিষদ হিসেবে খ্যাত জেলা পরিষদের আগামী চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারীকে গোপন ব্যালটের মাধ্যমে বেছে নেয়। এজন্যে তিনি তার নির্বাচনী এলাকার সকল জনপ্রতিনিধি (ভোটারদের) কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ।
আজ ১১ জানুয়ারি বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাঁদপুর জেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এজন্যে তিনি চাঁদপুর জেলাবাসী এবং তার সকল ভোটারদের কাছে দোয়া চেয়েছেন। নির্বাচনের পরদিন থেকে আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী চাঁদপুর জেলার ৮ উপজেলার ৮৮টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের কাছে তার শুভেচ্ছা বিনিময় করেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, তিনি জনগণের সেবার জন্যে এ দায়িত্ব নিয়েছেন। চাঁদপুর জেলা পরিষদকে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্যে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে তার পরিষদ নিরলসভাবে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সরকারের চলমান উন্নয়নের অংশীদার হিসেবে এ জেলার সকল উন্নয়নের ক্ষেত্রে তার ভূমিকা থাকবে অগ্রভাগে।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

