চাঁদপুর নিউজ রিপোর্ট
আজ ২৩ এপ্রিল শনিবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এ দু’ উপজেলার মোট ২৫টি ইউপিতে এ নির্বাচন হচ্ছে। দু’ উপজেলার ২টি ইউনিয়নে এ দফা নির্বাচন হচ্ছে না। ইউনিয়ন ২টি হচ্ছে হাজীগঞ্জের ১২নং দ্বাদশ গ্রাম ইউনিয়ন ও ফরিদগঞ্জের ১৪নং ফরিদগঞ্জ (দঃ) ইউনিয়ন। এ দু’টি ইউনিয়ন নিয়ে আদালতে মামলা থাকায় এ দফা তফসিলে এ দু’ ইউনিয়নে নির্বাচন হচ্ছে না।
এ দু’ উপজেলার নির্বাচনকে ঘিরে যেমনি রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, তেমনি টান টান উত্তেজনাও বিরাজ করছে। তৃণমূলের এ নির্বাচনকে ঘিরে গ্রাম-গঞ্জে ব্যাপক সহিংসতার আশঙ্কা করছে বিভিন্ন মহল। এ নির্বাচনটি দলীয়ভাবে হওয়ায় বড় দু’ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও আরো কয়েকটি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আওয়ামী লীগ, বিএনপি এবং উভয় দলের কিছু বিদ্রোহী প্রার্থী। কেউ কাউকে সহজে ছাড় দিবে না এমনই আভাস দিলো প্রার্থীরা। যার যার সুবিধা অনুযায়ী কেন্দ্রে প্রভাব বিস্তার করতে চাইবে। আর প্রতিপক্ষ তা ঠেকাতে গেলেই সহিংস ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তবে প্রশাসনও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
দুই উপজেলার ২৫টি ইউপির মধ্যে ফরিদগঞ্জে ১৪টি এবং হাজীগঞ্জে ১১টিতে আজ সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ফরিদগঞ্জের ১৪ ইউনিয়নে মোট প্রার্থী হচ্ছে ৬শ’ ৫০ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৩, সাধারণ সদস্য পদে ৪শ’ ৮০ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১শ’ ৭ জন প্রার্থী। এই ১৪ ইউনিয়নে মোট ভোটার হচ্ছে ২ লাখ ৪৯ হাজার ৮শ’ ৪৯। কেন্দ্র ১শ’ ৩১টি।
হাজীগঞ্জের ১১টি ইউনিয়নে মোট প্রার্থী হচ্ছে ৪শ’ ৯২ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪০, সাধারণ সদস্য পদে ৩শ’ ৭৩ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯ জন প্রার্থী। এ ১১ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭৭ হাজার ৯শ’ ৭৪। ভোট কেন্দ্র হচ্ছে ১শ’ ৮টি।
