আজ ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এদিনে পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু সদ্য স্বাধীন দেশে ফিরে আসেন। দীর্ঘ নয় মাস পাকিস্তান কারাগারে অন্তরীণ থাকার পর এদিন বঙ্গবন্ধু দেশে ফিরে আসলে বাঙালি জাতি তাদের পিতাকে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়েছিলো। এ দিবসটি বাঙালির কাছে অত্যন্ত তাৎপর্যবহ। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি অ্যাডঃ আঃ হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথকভাবে বাণী দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচি। চাঁদপুর জেলা আওয়ামী লীগও নানা কর্মসূচি গ্রহণ করেছে।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানী সামরিক জান্তা বাঙালি নিধনযজ্ঞের নীল নক্শা বাস্তবায়নে অপারেশন শুরু করার পর জাতির জনক বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির ৩২ নম্বর বাসা থেকে গ্রেফতার করে পাকিস্তান কারাগারে নিয়ে যায়। বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁকেই রাষ্ট্রপতি করে গঠিত হয় মুক্তিযুদ্ধকালীন সরকার। যা মুজিবনগর সরকার নামে ইতিহাস খ্যাত রয়েছে। আর এ সরকারের নেতৃত্বেই চলে ৯ মাসের মুক্তিযুদ্ধ। অবরুদ্ধ বাংলায় যখন পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চলছে, ঠিক তখন পাকিস্তানে বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে প্রহসনের বিচার শুরু হয়। ওই বিচারে বঙ্গববন্ধুকে ফাঁসির রায় দেয়া হয়।
৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ নামক নতুন রাষ্ট্র জন্মলাভ করে। তখন আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তিলাভের পর ১০ জানুয়ারি বিজয়ীর বেশে লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও উষ্ণ সংবর্ধনার মধ্য দিয়ে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে ফিরে আসেন।
বঙ্গববন্ধুর এ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ ১০ জানুয়ারি বুধবার সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় (অস্থায়ী কার্যালয়, টাউন হলের দ্বিতীয় তলা) সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হবে। বিকেল ৩টায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি এমপি। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী এবং সমর্থকদের উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহাম্মেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
