প্রতিনিধি

হাজীগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ও ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী ড. মোঃ আলমগীর কবির পাটওয়ারী আসন্ন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ-পিরিচ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। আগামী ১৫ মার্চ শনিবার এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
আলমগীর কবির পাটওয়ারীর দাখিল করা মনোনয়নপত্র পর্যালোচনা করে দেখা গেছে যে, তিনি হলফনামায় পেশা হিসেবে শিক্ষকতার কথা উল্লেখ করেছেন। শিক্ষকতা পেশা থেকে তার বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ ৭৮ হাজার ২৫০ টাকা এবং অন্যান্য খাত থেকে বার্ষিক আয় ৩ লাখ ৫৯ হাজার টাকা দেখিয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, শিক্ষকতা পেশায় তিনি মডেল কলেজের অধ্যক্ষ পদে থেকে বার্ষিক ১১ লাখ ৬৪ হাজার টাকা এবং বড় মসজিদের মোতাওয়াল্লী পদ থেকে বার্ষিক সম্মানি নেন ৯ লাখ টাকা। কলেজ এবং মসজিদ থেকে তিনি বছরে সর্বমোট ২০ লাখ ৬৪ হাজার টাকা সম্মানি নেন।
কলেজ ও মসজিদ সূত্রে জানা গেছে, আলমগীর কবির পাটওয়ারীর অধ্যক্ষ পদে সরকারি বেতন স্কেল মাসে ২৭ হাজার টাকা এবং প্রতি মাসে প্রতিষ্ঠান অংশ (কলেজ) থেকে নেন ৭০ হাজার টাকা। আর মসজিদ থেকে মোতাওয়াল্লী হিসেবে প্রতিমাসে নেন ৭৫ হাজার টাকা। এ হিসেবে দেখা যায় সরকারি + কলেজ অংশ + মোতাওয়াল্লী হিসেবে তিনি মাসে বেতন ও সম্মানি বাবদ নেন ১ লাখ ৭২ হাজার টাকা। এ হিসেবে এক বছরে তার বেতন ভাতার পরিমাণ মোট ২০ লাখ ৬৪ হাজার টাকা। অথচ তিনি হলফনামায় তার বার্ষিক আয় দেখিয়েছেন মাত্র ৬ লাখ ৩৭ হাজার ২৫০ টাকা। এটিকে তথ্য গোপন হিসেবে দেখছে সচেতন জনগণ।
হলফনামা সূত্রে জানা গেছে, আলমগীর কবির পাটওয়ারীর বিরুদ্ধে ২০০৮ সালে শেরপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১১)/৩০ দণ্ডবিধির ৩১৩ ধারায় একটি মামলা দায়ের হয়। অবশ্য ওই মামলা থেকে তিনি বেকসুর খালাস পান।
হলফনামায় তিনি অস্থাবর সম্পদ হিসেবে নগদ টাকার পরিমাণ দেখিয়েছেন ১৪ লাখ ২২ হাজার ৮৬ টাকা, ১৩ লাখ টাকা মূল্যের গাড়ী, স্ত্রীর নামে স্বর্ণ দেখিয়েছেন মাত্র ৬০ হাজার টাকার এবং নিজের আসবাবপত্র আছে ১৫ হাজার টাকার।
স্থাবর সম্পদ হিসেবে অকৃষি জমি দেখিয়েছেন ১৬ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের। কিন্তু সম্পত্তির পরিমাণ উল্লেখ করেননি। এছাড়া তিনি দালানকোঠা ও বাড়ি বা এপার্টমেন্টের কোনো সংখ্যা হলফনামায় উল্লেখ করেননি। অর্থাৎ তার কোনো বাড়ি বা দালানকোঠা নেই।
হলফনামায় তিনি ঠিকানা দিয়েছেন ড. মোঃ আলমগীর কবির পাটওয়ারী, পিতা মৃত: মো: মনিরুজ্জামান পাটওয়ারী, প্রিন্সিপাল কটেজ, মকিমাবাদ হেলেন রোড, হাজীগঞ্জ, চাঁদপুর। হলফনামার তথ্যে তিনি এই প্রিন্সিপাল কটেজ বাড়িটির কথা উল্লেখ করেননি। এছাড়াও ঢাকায় তাঁর একাধিক বাড়ি বা এপার্টমেন্টের কথা লোক মুখে শোনা যায়।
নির্বাচন কমিশন আলমগীর কবির পাটওয়ারীর আয়-ব্যয়ের হিসেবে ও সম্পদ লুকানোর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে পারে।
আলমগীর কবির পাটওয়ারী ২০০৬ সনে যুক্তরাষ্ট্রের আটলান্টিক ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যালিফোনিয়া থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
আগামীকাল বিএনপি সমর্থিত প্রার্থী মাওলানা নজরুল ইসলাম তালুকদারের হলফনামা পড়�ন।
