স্টাফ রিপোর্টার
চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইলশেপাড়ের যুগ্ম-বার্তা সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল করিম দ্বিতীয়বারের মতো অনুসন্ধানী সাংবাদিকতায় দেশসেরা পুরস্কার লাভ করেছেন। আজ রোববার (১৬ অক্টোবর) বিকেলে তিনি দ্বিতীয়বারের মতো অনুসন্ধানী সাংবাদিকতায় ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ ‘টিআইবি’ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। ইতোপূর্বে ২০১২ সালেও তিনি এ পুরস্কার লাভ করেছিলেন।
রোববার বেলা ২টায় ঢাকায় টিআইবি’র ধানমন্ডিস্থ মেঘওমালা কনফারেন্স রুমে ‘অনুসন্ধানী সংবাদিকতা পুরস্কার-২০১৬ প্রদান অনুষ্ঠানে স্থানীয় (আঞ্চলিক) পত্রিকার কোঠায় রেজাউলের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও চেক তুলে দেন টিআই’র বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারপার্সন মি. জোসে কারর্লস উগাজ। এছাড়া জাতীয় পর্যায়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া, ক্যামেরা পার্সনসহ ৯ সাংবাদিকের হাতে তিনি পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- স্থানীয় পত্রিকার কোঠায় চাঁদপুরের দৈনিক ইল্শেপাড়ের রেজাউল করিম, প্রিন্ট মিডিয়ার কোঠায় বাংলামেইলের সাবেক প্রতিনিধি (বর্তমানে জাগো নিউজের স্টাফ রিপোর্টার) সাহেদ শফিক, চ্যানেল এনটিভির বিশেষ প্রতিনিধি শফিক শাহীন, মাছারাঙ্গা টিভির বদরুদ্দোজা বাবু, ডুকুমেন্টারীতে যমুনা টিভির ৩৬০ ডিগ্রি সেলের জিএম ফয়সাল আলম, মো. আলাউদ্দিন আহম্মেদ, ৩ টিভি চ্যানেলের ৩ ক্যামেরা পার্সন মহসিন মুকুল, মো. ইসমাইল ও গোলাম কিবরিয়া।
এ সময় উপস্থিত ছিলেন টিআইবি’র চেয়ারপার্সন অ্যাড. সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর প্রফেসর ড. সুমাইয়া খায়ের, জুরি বোর্ডের প্রফেসর গীতা নাসরিন ও চ্যানেল আই’র হোসেন জিল্লুর রহমান। রেজাউলের কৃতজ্ঞতা প্রকাশ
টিআইবি কর্তৃক দ্বিতীয়বারের মতো অনুসন্ধানী সংবাদিকতায় দেশসেরা নির্বাচিত হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং টিআইবিকে ধন্যবাদ জানান। রেজাউল করিম গত বছরের ১৪ জুন থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ‘চাঁদপুরের শিক্ষাঙ্গনের হালচিত্র’ শিরোনামে অনুসন্ধানী সিরিজ প্রতিবেদন প্রকাশ করেন। যা চলিত বছরের আঞ্চলিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিবেচিত হয় টিআইবি’র অনুসন্ধানী সংবাদিকতার জুরি বোর্ডে।
দ্বিতীয়বারের মতো টিআইবি’র পুুরস্কারপ্রাপ্তিতে রেজাউল করিম দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান, প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও ইল্শেপাড়ের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক বিএম হান্নান, যুগ্ম-সম্পাদক শাহাদাত হোসেন শান্ত ও বার্তা সম্পাদক এমএ লতিফসহ সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রতিক্রিয়ায় রেজাউল আরো বলেন, দ্বিতীয়বারের মতো এ পুরস্কার অর্জন আমাকে পেশাগত কাজে আরো দক্ষতা অর্জনে সহায়তাসহ অনুপ্রাণিত করবে। যা দেশ ও জনগণের প্রতি আমাকে আমার দায়িত্ববোধ বৃদ্ধিসহ নতুন করে ভালো কিছু করার উৎসাহ যোগাবে। এজন্য তিনি প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী নেতৃবৃন্দসহ সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
উল্লেখ্য, দৈনিক ইল্শেপাড়ের যুগ্ম-বার্তা সম্পাদক রেজাউল করিম প্রতিষ্ঠালগ্ন থেকে আলোকচিত্রি, স্টাফ রিপোর্টার, চীফ রিপোর্টার হিসেবে কাজ করেন। পরবর্তীতে যুগ্ম-বার্তা সম্পাদক হিসেবে পদোন্নতি লাভ করে বর্তমানে এ পদে দায়িত্ব পালন করছেন।
রেজাউল ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বিশিষ্ট শিক্ষাবিদ সাহাদাত হোসেন হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। রেজাউল করিম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও একই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। চলতি বছর তিনি চাঁদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।