আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওলামা-মাশায়েখ মহাসম্মেলন। এ উপলক্ষে ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ৩টা হতে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হারাম শরীফের (কাবাঘর) ইমাম ও খতিব শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম এবং মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান।
ওলামা-মাশায়েখ মহাসম্মেলনে যোগ দিতে চাঁদপুুর থেকে ১ হাজার ৭শ’ ৩৫ জন ইমাম আজ বৃহস্পতিবার ঢাকা আসবেন। এ বিষয় নিশ্চিত করেন ইফা চাঁদপুুরের উপ-পরিচালক মোঃ আবদুল কুদ্দুস। তিনি জানান চাঁদপুরের ৮ উপজেলা থেকেই ইমাম, ওলামা-মাশায়েখ মাহাসম্মেলনে যোগ দিতে অনেকেই গতকাল উপস্থিত হয়েছেন।
ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের জেলা সভাপতি ও চেয়ারম্যান ঘাটা বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার বলেন, বিশ্বের সবচেয়ে সম্মানিত কেন্দ্রস্থল পবিত্র মক্কা-মদীনা। আর সেই পবিত্র ভূমির ইমামগণ বাংলাদেশে আসবেন। সে জন্যেই ইমামরা মহাসম্মেলনে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতি চাঁদপুরের যুগ্ম সম্পাদক ও আল-হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওলামা-মাশায়েখ মহাসম্মেলনে যোগ দিতে আমরা গতকাল বুধবার রাতেই চাঁদপুুর থেকে ঢাকায় পেঁৗছেছি। এখানে দেশের বিভিন্ন জেলার ইমামগণ এসেছেন। প্রায় ২ লাখ আলেম-ওলামার সমাগম হবে এ মহাসম্মেলনে। এ জন্যে সাবই আনন্দমুখর পরিবেশে উপস্থিত হয়েছে।
