
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ প্রকৌশলী ও শিক্ষক মোঃ আনোয়ারুল ফারুক শিশির । তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য Kennesaw State University-এর কম্পিউটার সায়েন্স বিভাগে পিএইচডি প্রোগ্রামে ভর্তির গৌরব অর্জন করেছেন। আগামী Full 2026 সেমিস্টারে (আগস্ট) গবেষক হিসেবে তার এই উচ্চশিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মেধাবী এই শিক্ষক তার গবেষণামূলক এই পিএইচডি প্রোগ্রামের জন্য প্রতি বছর ৫১,১২৫ মার্কিন ডলার মূল্যের একটি মর্যাদাপূর্ণ ও সম্পূর্ণ অর্থায়িত (Full Scholarship) স্কলারশিপ পেয়েছেন। এই বিশেষ স্কলারশিপের আওতায় তার সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় থেকে তাকে আকর্ষণীয় মাসিক গবেষণা ভাতা (স্টাইপেন্ড) প্রদান করা হবে।
ইঞ্জিনিয়ার শিশির বর্তমানে রাজধানীর খ্যাতনামা BGMEA University of Fashion and Technology (BUFT)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে লেকচারার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে কর্মরত আছেন।এর আগে তিনি দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি বিদ্যাপীঠ Khulna University of Engineering and Technology (KUET) থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে তার স্নাতক (ব্যাচেলর) ডিগ্রি সম্পন্ন করেন। সেখানে ছাত্রাবস্থায় তিনি তার মেধার স্বাক্ষর রেখেছিলেন। সেখানে তিনি অসাধারণ একাডেমিক ফলাফলের জন্য দুইবার ‘ডিনস অ্যাওয়ার্ড’ অর্জন করেছিলেন।
তিনি হাজীগঞ্জ বাজারের স্বনামধন্য ব্যবসায়ী, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিএনপি নেতা জনাব মোঃ সালাহ্উদ্দিন ফারুক (মামুন) এবং মরহুমা সামছুন নাহার দম্পতির সুযোগ্য দ্বিতীয় সন্তান। তার পৈতৃক নিবাস হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের বিলওয়াই গ্রামের সম্ভ্রান্ত হাজীবাড়ীতে।
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল ফারুক শিশিরের এই অভাবনীয় সাফল্যে তার বর্তমান কর্মস্থলের সহকর্মী, কুয়েটের শিক্ষকবৃন্দ এবং হাজীগঞ্জের সর্বস্তরের শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চতর গবেষণার মাধ্যমে তিনি দেশ ও জাতির ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।
