রাকিবুল হাসান কচুয়ায় ড্রাইভিং প্রশিক্ষণ নিতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ মোস্তফা (৩৮) ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন (২২) নামের দু ব্যক্তি নিহত হয়েছে। মোস্তফা উপজেলার কাদলা গ্রামের আতিক উল্যাহর ছেলে ও রিপন একই উপজেলার লুন্তি গ্রামের আব্দুল জলিলের ছেলে। গত রোববার রাত ৯টার দিকে ও গতকাল সোমবার সকাল ৯টার দিকে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে। কচুয়া থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রোববার রাতে কচুয়া-হাজীগঞ্জ সড়কের কড়ইয়া নামক স্থানে মোস্তফা কামাল ট্যাক্সিক্যাব ড্রাইভিং শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি মাইক্রোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোস্তফার দুটি পা থেতলে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে টিএইচও ডাঃ বিজয় কৃষ্ণ সাহা তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি না দিয়ে হাসপাতালের বাইরে সানসেটের নিচে প্রাথমিক
চিকিৎসা দেন। পরে মোস্তফার পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতি নেয়। কিন্তু এজন্য হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠে আহত মোস্তফার পরিবার ও আত্মীয়স্বজনরা। এ সময় তারা হাসপাতালের জরুরি বিভাগের গ্লাস ভাংচুর করে। এছাড়া হাসপাতালের ব্রাদার শংকর কুমারকে পেয়ে শারীরিক লাঞ্ছিত করে উত্তেজিত জনতা। পরে একটি প্রাইভেট মাইক্রো গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কচুয়া বিশ্বরোডস্থ মডার্ন হাসপাতালের সামনে আসলে রাত ১০টার দিকে মোস্তফা মারা যান। অপর আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। এ সংবাদ মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কৃষ্ণ সাহাকে তার রুমে দু ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে টিএইচও ১ লাখ টাকা জরিমানা দিয়ে মুক্তি পায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। খবর পেয়ে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গতকাল সোমবার বাদ জোহর নিহত মোস্তফার জানাজা শেষে কাদলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরসহ কয়েকশ’ লোক অংশগ্রহণ করেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কৃষ্ণ সাহার ১ লাখ টাকা জরিমানার বিষয়টি জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান তা এরিয়ে যান। এ বিষয়ে কচুয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ বিজয় কৃষ্ণ সাহার বক্তব্য জানতে হাসপাতালে গিয়ে ও তার মুঠোফোনে দিনভর চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। হাতপাতালের দায়িত্বপ্রাপ্ত আরএমও ডাঃ এমএ মান্নান জানান, টিএইচও যক্ষ্মা রোগের উপর একটি প্রশিক্ষণে ঢাকায় রয়েছেন। তবে টিএইচও-এর ১ লাখ টাকার জরিমানার বিষয়ে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। এদিকে গতকাল সোমবার সকালে কচুয়া উপজেলার লুন্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন (২২) নামের এক যুবক নিহত হয়। সে লুন্তি গ্রামের আব্দুল জলিলের পুত্র। নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, রিপন নিজ গৃহে মোবাইল চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এ সময় তার পরিবারের লোকজন টের পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শিরোনাম:
সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
