করোনাভাইরাস আতঙ্কে রাজধানী ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে আসছেন সাধারণ মানুষ।
গতকাল শুক্রবার সকালে চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী লঞ্চগুলো যাত্রী
ছাড়াই গেলেও ঢাকা থেকে চাঁদপুরে আসা লঞ্চগুলোতে ছিল উপচেপড়া ভিড়। তবে করোনা
সংক্রমণ রোধে কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন
যাত্রীরা।
সকালে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, যাত্রীবোঝাই করে ঢাকা থেকে ছেড়ে
আসা লঞ্চগুলো ঘাটে ভিড়ছে। ইতিমধ্যে ঢাকায় অবস্থান করা অনেক মানুষ তাদের
পরিবার পরিজনসহ গ্রামের বাড়িতে আসতে শুরু করেছেন। যদিও করোনা সংক্রমণরোধে
মানুষের সাথে দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও লঞ্চগুলোতে দেখা গেলো উল্টো
চিত্র। একে অপরের গা ঘেঁষেই তারা যাত্রা করছেন।
কয়েকজন যাত্রী জানান, ছেলে-মেয়েদের স্কুল-কলেজ বন্ধ হয়ে যাওয়ায় আমরা
পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ি চলে আসছি। কিছু লঞ্চে করোনা ভাইরাসের
ব্যাপারে যাত্রী সাধারণকে সতর্ক করা হচ্ছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য
সাবান-পানির ব্যবস্থাও করা হচ্ছে। তবে বিআইডবিস্নউটিএ কর্তৃপক্ষের দৃশ্যমান
কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি বলে জানান তারা।
লঞ্চ মালিক কর্তৃপক্ষ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে প্রচুর
পরিমাণে যাত্রী থাকলেও ঢাকা যাওয়ার যাত্রী কমে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো
বন্ধ হয়ে যাওয়ায় সবাই বাড়ি ফিরছেন। ঢাকা যাওয়ার যাত্রী না থাকায় কয়েকটি
লঞ্চ তাদের নির্ধারিত যাত্রাও বাতিল করেছে বলে জানান তিনি।
চাঁদপুর বিআইডিবিস্নউটিএ-এর ট্রাফিক ইন্সপেক্টর শেখ মোঃ মাহাতাব উদ্দিন
বলেন, ‘লঞ্চে যাতায়াতকারী যাত্রীদের করোনা ভাইরাস সংক্রমণরোধে সতর্কতামূলক
নৌ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি।
তবে ভাইরাস সংক্রমণরোধে তাদের পক্ষ থেকে সরাসরি কোনো কিছু করার সুযোগ নেই।
সূত্র : ডিবিসি নিউজ।
