
কাদের পলাশ
ফরিদগঞ্জে কিশোরী বধূকে চুরির অপবাদ দিয়ে চুল কাটার ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে ৭জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ওই কিশোরীর মা নুরজাহান বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বললেন, মামলার তদন্তে চলবে চুলচেরা বিশ্লেষণ। তবেই বেরিয়ে আসবে প্রকৃত রহস্য।
মামলার বিবাদীরা হলেন ফরিদগঞ্জ পৌরসভাধীন উত্তর চরপাড়া গ্রামের খাঁ বাড়ির রাকিব খান, তার ভাই রুবেল খান, রাকিবের বাবা ওহাব আলী খান, মা মনোয়ারা বেগম, মামানী কোহিনুর বেগম, কাদির ও মফিজ। এদিকে লোমহর্ষক এ ঘটনার পর মামলা করেও নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
কিশোরীর বাবা হারুনুর রশিদ জানান, রাকিবদের পরিবার প্রভাবশালী হওয়ায় পুলিশ প্রথমে মামলা না নেয়ায় তাদের সাথে সমঝোতার চেষ্টা করেছি। কিন্তু তারা সমঝোতায় না এসে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় গত ২৩ আগস্ট জিডি করেন। এমতাবস্থায় তাদের ভয়ে থানায় মামলা করেও এখন আতঙ্কে আছি।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু হালদার বললেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিকেলে রাকিবের বড় ভাই আবদুর রহিমকে ধরে আনা হয়েছিলো। তবে তিনি মামলার আসামী নন বিধায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। রাতে আবার অভিযান চালানো হবে বলে জানান এস আই সুধাংশু।
পুলিশ সুপার মোঃ আমির জাফর এ বিষয়ে জানান, ওই কিশোরী ও তার মা-বাবাকে ডেকে এনে মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করা হতে পারে। ডাক্তারি পরীক্ষায় বেরিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।
উল্লেখ্য, ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর চরবড়ালী গ্রামের হারুনুর রশিদ মিজির মেয়ে শিউলী আক্তার পপি (১৪)কে পার্শ্ববর্তী উত্তর চরপাড়া গ্রামের খান বাড়ির ওহাব আলী খানের ছেলে রাকিব গত ১১ এপ্রিল জোর করে তুলে নিয়ে ঢাকার ধানমন্ডি এলাকার কাজী অফিসে নিয়ে বিয়ে করে। পপি স্থানীয় কাচিয়ারা মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। বিয়ের পর থেকেই তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এক পর্যায়ে গত ২২ আগস্ট পপিকে রাকিব একই গ্রামে তার মামার বাড়ি নিয়ে যায়। সেখানে মামানী সম্পর্কীয় কোহিনুর বেগমের ঘরে পপি চুরি করেছে বলে অভিযোগ দিয়ে তাকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের পর মাথার চুল কেটে দেয়।
