এক নবজাতক শিশুর লাশ গতকাল শনিবার হাজীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিক শিশুটির পরিচয় পাওয়া যায়নি। এ সময় প্রত্যক্ষদর্শীরা ক্ষোভের সাথে বলেন, কোন্ মায়ের এ সন্তান? সে তো মা না, ডাইনী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার ৫নং সদর ইউনিয়নের স্থানীয় মাতৈন দিঘিরপাড়ে পরিত্যক্ত অবস্থায় নবজাতকের লাশের সন্ধান পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। থানার উপ-পরিদর্শক কামাল হোসেন ও উপ-পরিদর্শক হাসান ঘটনাস্থল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয়দের ধারণা, নবজাতক শিশুটিকে গর্ভপাত করে এখানে ফেলে দেয়া হয়। তবে এই শিশুর মা কে, তাকে খুঁজে বের করে শিশু হত্যার আইনী প্রক্রিয়ায় আনার দাবি জানান স্থানীয়রা।
থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতেই নবজাতক শিশুটির জন্ম হয়েছে।
