মিজানুর রহমান রানা
চাঁদপুর জেলার উত্তর ইচলীতে যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। টাকা দিতে ব্যর্থ হওয়ায় স্ত্রীকে ঘর থেকে বের করে দেয় পাষণ্ড স্বামী।
জানা যায়, গত ১৫ বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম সকদী গ্রামের নাজমা বেগম-এর সাথে উত্তর ইচলী এলাকার মৃত আবদুল হামিদ ভূঁইয়ার ছেলে মো. মিজানুর রহমান ভূঁইয়ার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ৩টি সন্তানের জন্ম হয়। বিবাহের পর থেকেই নাজমা বেগমের স্বামী তাকে বিভিন্ন অজুহাতে যৌতুকের জন্য নির্যাতন করতো। নাজমা বেগম নির্যাতন সইতে না পেরে বিভিন্ন সময় তার স্বামীকে বাপের বাড়ির ভিটেমাটি বিক্রি করে টাকা-পয়সা এনে দেয়। গত বছর খানেক পূর্বে আবারও তার স্বামী আরো টাকা-পয়সা যৌতুক হিসেবে নাজমা বেগমের বাপের বাড়ি থেকে এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। নাজমা বেগম অপরাগ হলে তার স্বামী মো. মিজানুর রহমান ভূঁইয়াসহ তার ননদ পারুল, সালেহা সহ নাজমা বেগমের ওপর অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে গত ১৩ সেপ্টেম্বর তার স্বামী মো. মিজানুর রহমান ভূঁইয়া এই বলে হুমকি দেয় যে, নাজমা বেগম যদি তাকে ৫ লাখ টাকা যৌতুক হিসেবে এনে না দেয়, তাহলে নাজমা বেগমকে প্রাণে মেরে ফেলা হবে অথবা সে নিজে আত্মহত্যা করে বাড়ির কিছু লোককে ফাঁসিয়ে দিয়ে যাবে বলে সবাইকে ভয়ভীতি দেখাতে থাকে। বিষয়টি নিয়ে নাজমা বেগম সহ বাড়ির শান্তিপ্রিয় কিছু লোক শঙ্কায় দিন কাটাচ্ছে।

