“উপজেলা পরিষদ নির্বাচন-২০১৪
চাঁদপুরের চার উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৩ বিএনপি ১
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৫, বিএনপি ১ ও জামায়াত ১
চাঁদপুর নিউজ
ফরিদগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলায় নজিরবিহীন ভোট কারচুপি, ভোট ডাকাতি ও কেন্দ্র দখলের মধ্য দিয়ে চাঁদপুরে চার উপজেলার নির্বাচন গতকাল ২৭ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। চাঁদপুর সদর বলতে গেলে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। এ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু� চেয়ারম্যান প্রার্থীর মাঝে হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ হয়েছে। আর মতলব উত্তরে বিএনপির প্রার্থী কার্যত মাঠে ছিলেন না। সেখানে বলতে গেলে একতরফা নির্বাচন হয়েছে। ভোটের হিসাব দেখলেই তা স্পষ্ট হয়ে যায়। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ২শ� ৮৪ আর বিএনপি সমর্থিত প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে ৪ হাজার ২শ� ৫।
এই চার উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩জন ও বিএনপির ১জন জয়লাভ করেছে। আর ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামী লীগ ২ ও জামায়াত ১ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৩ ও বিএনপির ১জন জয়লাভ করেছে।
রাতে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে যাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে তারা হচ্ছেন : চাঁদপুর সদরে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত দেওয়ান মোঃ সফিকুজ্জামান (দোয়াত-কলম), ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত অ্যাডঃ মোঃ শাহাজাহান মিয়াজী (উড়োজাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত অ্যাডঃ মনিরা চৌধুরী (পদ্ম ফুল), মতলব উত্তরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মনজুর আহমেদ (আনারস), ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আরিফুল ইসলাম ইমন (জাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নিলুফা আক্তার, মতলব দক্ষিণে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার (দোয়াত-কলম), ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মোঃ শওকত আলী দেওয়ান (জাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত লক্ষ্মী রাণী দাস তারা (হাঁস) এবং ফরিদগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আবু সাহেদ সরকার (হেলিকপ্টার) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত রীনা নাছরিন (ফুটবল)। ফরিদগঞ্জ উপজেলায় ছয়টি কেন্দ্রের ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ওই ছয় কেন্দ্রের ভোটের চেয়ে কম হওয়ায় এই পদে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। এ পদে হয়ত পুনঃ ভোটগ্রহণ হতে পারে।

