চাঁদপুর সংবাদদাতা :বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন আজ বুধবার চাঁদপুরের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছে পিকেটাররা। এ ছাড়া হরতালে নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আজ ভোর ছয়টা থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট ও চাঁদপুর-মতলব-পেন্নাই সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতাল-সমর্থকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সড়কগুলো থেকে পুলিশ সদস্যরা অবরোধ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া হরতালের সমর্থনে আজ সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করেছে জেলা বিএনপি।
হরতালের কারণে চাঁদপুর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, হরতালে নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে জেলার বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুজনকে আজ সকালে পিকেটিংয়ের সময় চাঁদপুরের হাইমচর ও মতলব উত্তর থেকে আটক করা হয়। এ ছাড়া গতকাল রাতে মতলব উত্তর থেকে এক বিএনপিকর্মী ও চাঁদপুর সদর থেকে দুজন জামায়াত কর্মীকে আটক করা হয়। এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত সোমবার জোটের নেতা-কর্মীদের মুক্তি, ‘গণহত্যা’ বন্ধ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সরকার পতনের দাবিতে এ হরতালের ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার হরতাল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
