
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার এলাকায় অটোবাইকের ধাক্কায় মো. বারেক বেপারী (৬০) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ জুন) দুপুর ২টার দিকে ওই এলাকার রশিদিয়া জামে মসজিদের সামনে এই দূর্ঘটনা ঘটে। বারেক বেপারী পাশবর্তী ইব্রাহীমপুর ইউনিয়নের সাখুয়া গ্রামের মৃত মোস্তফা বেপারীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সফিক আখন বলেন, জুমার নামাজ আদায় শেষে তিনি বাড়ীর দিকে রওয়ানা হন। পথিমধ্যে অটোবাইকের ধাক্কায় রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় আহত হন দুলাল গাজী নামে আরেকজন পথচারী। তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম খান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। একজন অটোচালক তার অটোরিকশা রেখে মসজিদে নামাজ পড়তে যায়। এ সময় শ্রীরামপুর গ্রামের জমাদার বাড়ীর বিল্লাল জমাদারের ছেলে তানভীর থামানো অটোরিকশা চালাতে গিয়ে নিহত বারেকসহ আরেক মসুল্লীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বারেক বেপারীর মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় জনতা উত্তেজিত হয়ে উঠে। তাদেরক শান্ত করে বিষয়টি মিমাংসা করা হয়।
চাঁদপুর মডেল থানার পুলিশ পদির্শক (তদন্ত) সুজন বড়ুয়া বলেন, সংবাদ পেয়ে আমি নিজে ও পুরান বাজার ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে ইউপি চেয়ারম্যানসহ বিষয়টি উভয় পক্ষের সাথে কথা বলে সমাধান করি। পরবর্তীতে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
