মিজান লিটন
চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসে ‘অটোমেশন পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা’ এবং ‘নাগরিক সেবা কেন্দ্র’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের পাইলট প্রকল্প হিসেবে সারাদেশে কয়েকটি জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। চাঁদপুরে সদর উপজেলা কার্যক্রম আজ উদ্বোধন হলো। আগামী এক মাসের মধ্যে জেলার ৮টি উপজেলা ভূমি অফিস থেকে সাধারণ মানুষ এ সেবা গ্রহণ করতে পারবে। মোবাইল ম্যাসেজের মাধ্যমে ঘরে বসেই এ সেবা নিতে পারবে। প্রাথমিকভাবে ডিজিটাল পদ্ধতির এ ওয়েব সাইটে সবগুলো সেবা চালু না হলেও পর্যায়ক্রমে সকলের পরামর্শ অনুযায়ী সকল সেবা গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। আমরা আশা করছি ভূমি ব্যবস্থাপনার এ পদ্ধতি চাঁদপুর জেলা সারাদেশের জন্য মডেল হিসেবে পরিচিতি পাবে। তিনি আরো বলেন, আমি নিজেও একটা সময় ভূমি অফিসের দায়িত্বে ছিলাম। তাই ভূমি সংক্রান্ত জটিলতা বিষয়ে আমার ধারণা রয়েছে। সরকার দেশকে ডিজিটাল করার ফলে ভূমি বিষয়ক জটিলতা অনেকাংশে কমে গেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে ডিজিটাল করার ঘোষণা দিয়েছিলো। অথচ কিছু মানুষ এই ডিজিটাল শব্দটাকে নিয়ে অনেক কটুক্তি করেছে। কিন্তু বর্তমানে বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ, যারা স্বল্প সময়ে অল্প শিক্ষিত মানুষদের নিয়ে একটি ডিজিটাল দেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে ১১ কোটি ৮০ লাখ মানুষ মোবাইল সীম ব্যবহার করছে এবং ৪ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এছাড়াও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে বহু মানুষ সেবা গ্রহণ করছেন। ডিজিটাল বাংলাদেশ এখন হাতের মুঠোয়। প্রযুক্তি আমাদের দেশে কাজে লাগিয়ে বিক্রয় করছে। ভবিষ্যতে বাংলাদেশে একটি প্রযুক্তির বাজার তৈরি হবে। চাঁদপুর জেলার সকল বিভাগের কার্যক্রম যেন প্রথম স্থানে পৌঁছে এমন নির্দেশনা দিয়েছি সংশ্লিষ্টদের। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কর্মক্ষেত্রে তোমরা জনগণের সেবার জন্য যে সব স্বপ্ন দেখছো, তা আমাকে জানালে বাস্তবায়নের জন্য ব্যবস্থা করা হবে। চাঁদপুর সদর ভূমি অফিস এ কার্যক্রমটি একটি চ্যালেঞ্জ হিসেবে শুরু করেছে। আর এই ভালো কাজের কৃতিত্ব এই কার্যালয়ের কর্মকর্তার। ভূমির দাম বৃদ্ধি হওয়ার কারণে এখন এর গুরুত্বও বেড়েছে। ভূমি ব্যবস্থাপনা নিরসনে সরকার কাজ করছে।
সহকারী কমিশনার (ভূমি) চাঁদপুর সদর চৌধুরী আশরাফুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন। উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সিনিয়র সহ-সভাপতি সুভাস চন্দ্র রায়, ব্যবসায়ী মিজানুর রহমান খানসহ সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ওয়েব সাইটে (chandpursadaracland.gov.bd) কিভাবে আবেদন করে সেবা গ্রহণ করা যাবে উপস্থিত সকলকে প্রজেক্টরে প্রদর্শন করে দেখানো হয়।
