অভিজিত রায় ॥
গত ৫ই জানুয়ারী গনতন্ত্র হত্যা দিবসে নয়া পল্টনে ২০ দলীয় জোটের কালো পতাকা সমাবেশ করতে না দেওয়া, খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে ও সারাদেশে গ্রেফতার হওয়া ২০ দলীয় জোটের নেতাকর্মিদের মুক্তির দাবীতে এবং ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষে অনির্দিষ্টকালের অবরোধের ৭ম দিনে চাঁদপুরে অবরোধ সমর্থনে চাঁদপুর জেলা বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের মিছিল, যানবাহনে অগ্নি সংযোগ ও গাড়ী ভাংচুরের মধ্য দিয়ে অতিবাহিত হয়। সোমবার ভোররাত থেকে অবরোধকারীরা জেলার বিভিন্ন সড়কে পিকেটিং করেছে । এর মধ্যে চাঁদপুর-রায়পুর সড়কে গাছতলা বাগাদী এলাকায়, চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষেরহাট, মহামায়া, বাকিলা সহ একাধিক স্থানে অবরোধ সমর্থনে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে। গতকাল জেলা বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় পিকেটাররা রঘুনাথপুর এলাকার মজিব কাজীর মালিকানাধিন সিএনজি স্কুটারে আগুন ধরিয়ে দেয়। পিকেটারররা সিএনজি স্কুটারটি থামিয়ে চালক কিছু বুঝে উঠার আগেই পুলিশের সামনে গাড়ীটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় প্রাণ রক্ষার্থে গাড়ী চালক সাইফুর ইসলাম ও নারী যাত্রী গাড়ী থেকে রাস্তায় লাফিয়ে পর আহত হয়। গাড়ীতে অগ্নি সংযোগের ঘটনায় চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গির আলম ছাত্রদল কর্মী পালপাড়া এলাকার সাহাবুদ্দিন বকাউলের ছেলে রাজু বকাউল (২৬) কে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন থেকে আটক করেছে। এছাড়া একই স্থান থেকে এএসআই নন্দন সরকার মিশন রোড এলাকার আলী হোসেনের ছেলে সোহাগ(২২) ও মমিন বেপাড়ীর ছেলে মুরাদ (২০) কে আটক করেছে। গাছতলার এলাকায় চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম দায়িত্ব কর্তব্য পালন করাকালে পুলিশের পিকাপভ্যান লক্ষ্য করেইটপাটকেল নিক্ষেপ করলে ঐ এলাকার অনিক নামে এক বিএনপি সমর্থককে আটক করে পুলিশ। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত শিবিরের আরো ৮ নেতা কর্মীকে আটক করেছে।

