
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর হাসান আলী সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত পাঁচ সহস্রাধিক মুসলি্লকে জঙ্গিবাদ বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়েছে। শপথবাক্য পাঠ করান আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান। আর এটিই ছিলো প্রথম কোনো ইসলামী মহাসমাবেশে জঙ্গিবাদ বিরোধী শপথ। এ সময় মঞ্চে উপবিষ্ট অনেক ওলামায়ে কেরাম ও ইসলামী নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওঃ এমএ মতিন, প্রবীণ আলেম হযরতুল আল্লামা আব্দুল বারী জেহাদী, মাওঃ আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী, পীরে তরিকত হাফেজ মাওঃ জুনায়েদুল হক নক্শবন্দী মোজাদ্দেদী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মোঃ ছাদেকুর রহমান, সাধারণ সম্পাদক এএইচএম শহিদুল্লাহ প্রমুখ।
৩১ মার্চ শুক্রবার চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে এ তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন আছর নামাজের পর থেকেই মাহফিলের কার্যক্রম শুরু হয়ে রাত ১২টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়। তাফসীর পেশ করেন আল্লামা আব্দুল বারী জেহাদী, আল্লামা বখতিয়ার উদ্দিন, আল্লামা জসিম উদ্দিন আজহারী, আল্লামা ড. সাইফুল ইসলাম আজহারী, আল্লামা হজ্জাতুল্লাহ নক্শবন্দী মোজাদ্দেদী ও আল্লামা মামুনুর রশিদ আজহারী। এঁদের প্রত্যেকেই পবিত্র কোরআনুল কারীমের নির্দিষ্ট কিছু আয়াত থেকে তাফসীর পেশ করেন। তাঁরা ওইসব আয়াতে কারীমার ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরে ঈমান ও ইসলামের সঠিক পরিচয় তুলে ধরেন। পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন। তাঁরা তরিকতপন্থী সকল ঈমানদার মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে ঘৃণ্য ও মানবতাবিরোধী এ জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তা প্রতিরোধের আহ্বান জানান। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মানুষের প্রতি ভালোবাসা ও মমত্ববোধের প্রতি বক্তারা গুরুত্বারোপ করেন।
মাহফিলে অনেক মাদ্রাসার অধ্যক্ষ, মোহাদ্দেছ ও মুফাস্সিরগণ আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। হাজার হাজার মুসলি্ল মাহফিলে অংশ নেন। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী যুবসেনা ও ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।
