
শওকত আলী।
চাঁদপুর শহরের তালতলায় গলায় ফাঁস দিয়ে শারমিন নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে ঐ এলাকার রহমান টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শারমিনের প্রেমিক রাশেদকে আটক করেছে পুলিশ।
শারমিন আক্তার (১৬) সদর উপজেলার মধ্য তরপুরচন্ডী ডাক্তার বাড়ির আলাউদ্দিন ডাক্তারের দ্বিতীয় মেয়ে। সে চলতি বছর চাঁদপুর লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
আটক প্রেমিক রাশেদ (২০) ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম চান্দ্রা খান বাড়ির মালয়েশিয়া প্রবাসী আউয়াল খানের বড় ছেলে। সে চাঁদপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সে তার মাকে নিয়ে প্রফেসর পাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করে।
শারমিনের মামা জানান, বুধবার সন্ধ্যায় বাসার সবাই শারমিনকে ঘরে রেখে মার্কেটে যান। মার্কেট থেকে ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে তার মা আমাকে ফোন দেয়। আমি এসে দরজার ভেঙে রাশেদসহ প্রবেশ করি। আমার আগে রাশেদ দৌঁড়ে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থা থেকে শারমিনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে।
রাশেদ জানায়, দীর্ঘদিন যাবত শারমিনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। মোবাইলে কথা বলার সময় এক পর্যায়ে তাদের উভয়ের মধ্যে ঝগড়া হয় এবং শারমিন আত্মহত্যা করবে বলে তাকে জানায়। এ ঘটনায় রাশেদও অজ্ঞান হয়ে পড়ে।
এ ঘটনায় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান ,প্রেমিক রাশেদের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
মাসুদ রানা শামিম জানান, লাশ ময়নাতদন্তের পর এর রহস্য বেরিয়ে আসবে । রাশেদকে জিজ্ঞসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
