স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের সাপদী গ্রাম থেকে রহিমা আক্তার (১৯) নামে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ গাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর মডেল থানা পুলিশ ওই গ্রামের পাটওয়ারী বাড়ীর পাশের একটি বাগানের ছোট গাছ থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রহিমা আক্তার পাশ্ববর্তী বাগাদী ইউনিয়নের বড় শেখ বাড়ির আঃ হাই শেখের মেয়ে। স্বামী আনোয়ার হোসেন পাটওয়ারী স্থানী বাগড়া বাজারের কসমেটিকর্স ব্যবসায়ী।
রহিমার বড় ভাই ইব্রাহীম শেখ জানান, দেড় বছর আগে বালিয়া সাপদী গ্রামের পাটওয়ারী বাড়ীর জলিল পাটওয়ারীর ছেলে আনোয়ার হোসেন পাটওয়ারীর সাথে তার বোনের বিয়ে হয়। বৃহস্পতিবার দিনগত রাতে ভগ্নিপতি আনোয়ারের পরকিয়া সম্পর্কে তার বোন জানতে পারলে স্বামী স্ত্রীর মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। সকাল ৬টায় তার ভগ্নিপতির ছোট ভাই বশির ফোন করে প্রথমে জানায় তার বোন নিখোঁজ পরে সকাল ৯টায় জানায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
রহিমার পিতা আঃ হাই শেখ অভিযোগ করে জানান, রাতের তার মেয়েকে হত্যা করে ওই বাড়ি থেকে ৫শ’ গজ দূরে মোজাম্মেল হোসেন পাটওয়ারী বাড়ীর পাশে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। সকালে বাড়ীর লোকজন রহিমাকে না পেয়ে খুঁজাখুঁজি করে ঘটনাস্থলে গিয়ে গাছের সাথে ঝুলতে দেখে। পরে তারা চাঁদপুর মডেল থানা পুলিশকে ঘটনাটি অবহিত করে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শামীম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধুর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধা করা হয়েছে। ওই বাড়ীর লোকজন পলাতক রয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও এসআই জানিয়েছেন।

