শাহরিয়ার খাঁন কৌশিক ্॥ চাঁদপুর শহরের পৌরসভার ১০নং ওয়ার্ড দক্ষিণ তরপুরচন্ডীতে গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি করে নিয়েছে চোর চক্ররা।
বৃহস্পতিবার ভোর চারটায় চাঁদপুর ব্রিজ সংলগ্ন ফারুক গাজীর গোয়াল ঘর থেকে গরু চুরির ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, ফারুক গাজীর গোয়াল ঘরে ছয়টি গরু ছিল। বৃহস্পতিবার ভোরে একটি সিন্ডিকেট চক্র পিক আপ গাড়ি নিয়ে এসে এই চুরির ঘটনাটি ঘটিয়েছে। চোর চক্ররা গোয়াল ঘরের আশেপাশের বেশ কয়েকটি বাসার গেট বাইরে আঁটকে দিয়ে গোয়াল ঘরের গেটের দুটি তালা ভেঙ্গে ভিতর থেকে ৬ টি গরু বের করে। তারা গরু গুলো পিকআপ গাড়িতে উঠায়। এ সময় একটি গরু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে তারা পাঁচটি অস্ট্রেলিয়ান গাভি গরু নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
চুরি হওয়া ৫ টি গরুর দাম প্রায় ৫ লক্ষ টাকা।
এ ঘটনায় গরুর মালিক ফারুক গাজী চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।
পুলিশ জানায়, কয়েক মাষ পূর্বে ঘোড়ামারা গুচ্ছ গ্রাম এলাকা থেকে কয়েকটি গরুসহ সিন্ডিকেট চোর চক্রকে আটক করা হয়েছে। তারা জেল থেকে বের হয়ে আবারো এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
