চাঁদপুর সংবাদদাতা ॥ চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে ড্রেজারের পানির তোড়ে ফাতেমা আক্তার (৬), মরিয়াম (৬) ও মারজিয়া (৭) নামে ৩ শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রোববার (২৫ মার্চ) দুপুর ৩টার দিকে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইব্রাহীমপুর গ্রামে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। নিহত ফাতেমা ইব্রাহীমপুর গ্রামের রাড়ী বাড়ীর স্বপন রাড়ীর, মরিয়ম গাজী বাড়ীর মো. জাহাঙ্গীর গাজীর এবং মারজিয়া একই বাড়ীর বারেক গাজীর কন্যা।
স্থানীয় ইউপি সদস্য মান্নান গাজী জানান, দুপুরে গ্রামের বেশ কিছু শিশু প্রতিদিনের ন্যায় মেঘনা নদীতে গোসল করতে যায়। দুপুর ১টায় ঘটনাস্থলে ড্রেজারের পানির তোড়ে গোসল করতে আসা ৩ শিশুরা নদীতে তলিয়ে যায়। অন্য শিশুরা গোসল শেষে বাড়িতে ফিরলেও এই তিনজন শিশু নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পরে বিকেল ৩টায় নদীতে তাদের মুতদেহ ভেসে উঠলে পাশ^বর্তী লোকজন দেখতে পেয়ে তাদের নদীর পাড়ে নিয়ে আসে। পরে স্থানীয় পল্লী চিকিৎসকদের মাধ্যমে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়।
ইব্রাহীমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জানান, চরাঞ্চল থেকে কোন মুমুর্ষ রোগীকে চাঁদপুর সদর হাসপাতালে দ্রুত আনার কোন ব্যবস্থা নেই। এ কারণে এই তিন শিশুকে হাসপাতালে আনাও সম্ভব হয়নি। বিকাল ৫টার দিকে শিশুদেরকে নিজ নিজ বাড়ীতে দাফন করা হয়েছে। এ ব্যাপারে মো: জাহাঙ্গীর গাজীবাদী হয়ে ড্রেজারের মালিকের বিরুদ্বে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
