
কবির হোসেন মিজি
গতকাল ৭ সেপ্টেম্বর রোববার চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় জননী ভিলার ২য় তলায় এক ভাড়াটিয়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ওই ফ্ল্যাট বাসায় তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বর্ণলঙ্কারসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের ব্যবসায়ী সফিকুর রহমান চেয়ারম্যান ঘাটায় বিল্লাল চোকদারের জননী ভিলার ২য় তলায় সপরিবারে ভাড়া থাকেন। গতকাল বিকেলে আছর নামাজের পর সফিকুর রহমানের স্ত্রী তাহমিনা বেগম বাসার দরজায় তালা দিয়ে ডাক্তারের কাছে যান। এ সুযোগে চোর চক্র ওই বাসার পার্শ্ববর্তী রুমের দরজার বাইরে সিটকিনি আটকিয়ে তালা ভেঙ্গে রুমের ভেতরে ঢুকে এবং স্টীলের আলমারীর তালা ভেঙ্গে সেখান থেকে ৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং গতকাল সোনালী ব্যাংক থেকে ব্যবসায়িক কাজে উঠানো নগদ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পরই চাঁদপুর মডেল থানার এসআই আলমগীর ও ডিবির এসআই সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে সফিকুর রহমানের পরিবারের লোকজন তাদের পাশের ফ্ল্যাটে ভাড়াটিয়া চেয়ারম্যান ঘাটের মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী পারভেজকে সন্দেহ করছে বলে জানান। এ ব্যাপারে তাহমিনা বেগম বাদী হয়ে গতকাল রাতেই চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
