
রফিকুল ইসলাম বাবু। উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে চাঁদপুরের হাইমচর উপজেলার বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান। এই উপলক্ষে শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয়টি সুনামের সাথে একশত বছর অতিক্রম করেছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমানে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। এছাড়া শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিদ্যালয়টিকে এগিয়ে নিতে হবে। শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ১৯১৮ সালে হাইমচরের বাজাপ্তি এলাকায় প্রতিষ্ঠিত বিদ্যালয়টি তিনবার মেঘনা নদীভাঙনের শিকার হয়ে এটি নয়ানী এলাকায় শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে।
