স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে ৫ আক্টোবর শুক্রবার চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। সকাল ৯টায় চাঁদপুর প্রেস ক্লাবের সম্মুখে র্যালির শুভ উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুলাহ আল মাহমুদ জামান। র্যালি শেষে সকাল ৯টা ৪৫ মিনিটে চাঁদপুর রোটারি ভবনে “শিক্ষার অধিকার নিশ্চিতে চাই যোগ্য শিক্ষক” প্রতিপাদ্য বিষয়ে সেমিনার শুরু হয়। হাসানআলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও হাসানআলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমতআরা সাফির সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে সেমিনার শুরু হয়। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্ঠা ও সাবেক সভাপতি এবং হাসানআলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার। সেমিনারের প্রতিপাদ্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চৌদ্দ গ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপক রঞ্জিত কুমার বণিক। ডিজিটাল শিক্ষা ব্যবস্থাপনার উপর প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন নেটিজেন আইটি লি. এর চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ আশরাফ আলী।
প্রতিপাদ্য বিষয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. মাসুদ হোসেন, কামারাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, জমিআতুল মোদারেসিন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিষ্ণুদী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, চাঁদপুর জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, প্রাথমিক শিক্ষা অবদানের জন্য ২০০৯ ও ২০১৪ সনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক যথাক্রমে মোসাম্মৎ উম্মে কুলসুম শেফা ও নুরুল নাহার বকুল, চাঁদপুর জেলা মহিলা পরিষদের সভাপতি লীলা মজুমদার, চাঁদপুর রেলওয়ে কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মাহমুদা খানম সহ চাঁদপুর জেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, কিন্ডার গার্টেন, মাদ্রাসা ও শিক্ষার সাথে সম্পর্কিত এনজিউ এর ৫৮ জন প্রতিনিধি সেমিনারে অংশগ্রহণ করেন। তন্মধ্যে ৩১ জন মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনাটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুদ প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই শিক্ষক হিসেবে নিজকে পরিচয় দেন। তিনি বলেন, আমার বাবাও একজন শিক্ষক ছিলেন এবং নিজেও কিছুদিন শিক্ষকতা করেছেন। তিনি শিক্ষকদের উপর শ্রদ্ধা রেখে বলেন, নিয়োগের ক্ষেত্রে যথাযথ মূল্যায়নই সম্ভব যোগ্য শিক্ষক নিয়োগ প্রদান করা। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করে বলেন, যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের জন্য সরকার শিক্ষা ক্ষেত্রকে ডিজিটালের আওতায় আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন শিক্ষকদেরকে সকল পর্যায়ে যথাযথ মূল্যায়ন করা হলে তবেই মেধাবি ছাত্ররা শিক্ষক হতে চাইবেন।
