
চাঁদপুর সংবাদদাতা ॥
চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে রাসেল গাজী (২৬) নামে বখাটের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শনিবার (৩ জুন) দুপুরে ওই শিশুর মামা ফয়সাল পাটওয়ারী চাঁদপুর মডেল থানায় এই মামলা দায়ের করেন।
শিশুর আত্মীয় ও মামলার বিবরণে জানাযায়, শুক্রবার (২ জুন) সন্ধ্যায় ওই শিশু তার বসতঘরের পাশেই পাকের ঘরে কাজ করছিলো। এ সময় তার মুখে চাপ দিয়ে বখাটে রাসেল শিশুটিকে নিয়ে যায়। পরে পাশ্ববর্তী একটি পরিত্যাক্ত ঘরে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এরই মধ্যে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুজে পায়নি। পরে শিশুটিকে রাত ৯টার পর ওই পাকের ঘরের পিছনে বসে কাঁদতে দেখে পরিবারের লোকজন। স্থানীয়রা জানায়, শিশুটির মা প্রতিবন্ধী। তার পিতাও মা মেয়েকে রেখে অন্যত্র চলেগেছে। বাড়ীর সম্পর্কিত মামা ফয়সাল পাটওয়ারীর সহযোগিতায় তারা এই বাড়ীতে থাকেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান মন্ডল জানান, অভিযোগের পর ওই শিশুর ডাক্তারী পরীক্ষার জন্য সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রাসেল গাজীকে আটকের চেষ্টা চলছে।
