স্টাফ রিপোর্টার:
জেলার বিভিন্ন স্থানে গলায় ফাঁস দিয়ে ও বিষপান করে ৫ জন আত্মহত্যা করেছে। চাঁদপুর সদর হাসপাতাল, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের বিটি রোডস্থ খোকন মিয়ার ভাড়াটিয়া হাজীগঞ্জের শ্রীপুর গ্রামের অধিবাসী মোঃ মাসুদ মিয়ার এসএসসি পরীক্ষার্থী মেয়ে মুনি্ন (১৬) প্রেম ঘটিত বিষয়ে নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মুমূর্ষু অবস্থায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। একইদিন বেলা আড়াইটায় চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে আর্শ্বাদ গাজীর ছেলে শাহাদাত গাজী স্ত্রীর সাথে ঝগড়া করে (২৬) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওইদিন বিকেলে মতলব দক্ষিণে মাছুয়াখাল গ্রামের আইয়ুব আলী জানান, তার ভাতিজা আবদুল মান্নান (২২) তার ভাইয়ের সাথে ঝগড়া করে বিষপানে আত্মহত্যা করে। তাকেও পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে চিকিৎসার পূর্বেই সে মারা যায়। ফরিদগঞ্জের গজারিয়া গ্রামের চাপরাশি বাড়ির বাসিন্দা কাতার প্রবাসী নজির আহম্মেদের স্ত্রী আসমা আক্তার (২৭) গতকাল বৃহস্পতিবার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এর আগে বুধবার বিকেলে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুড়ুয়া গ্রামের মৃত সোনা গাজীর ছেলে কবির গাজী (২৫) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পারিবারিক অশান্তির কারণেই এ আত্মহত্যা বলে পুলিশ জানায়। পাঁচটি লাশই পোস্টমর্টেমের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়।
