স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর মেঘনা নদীর মোহনায় কোস্টগার্ডের অভিযানে যাত্রীবাহী ৩টি লঞ্চ থেকে ১৬মন (৬শ’ ৪০) কেজি ইলিশের পোনা জাটকা আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাত দেড়টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ এম.হাবিবুর রহমানের নেতৃত্ব টহল সদস্যরা মেঘনা মোহনায় দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি ফ্লোটিলা, এমভি ফারহান-১ ও এমভি বদ্ধন-৭ লঞ্চে অভিযান চালায়। এ সময় এসব লঞ্চ থেকে ১৬মন জাটকা জব্দ করে কোস্টগার্ড জেটিতে নিয়ে আসে।
কোস্টগার্ড জানায়, আটক জাটকাগুলো আজ রোববার সকালে মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। আটক জাটকার আনুমানিক মূল্য ১লাখ ৯২হাজার টাকা।
কোস্টগার্ড স্টেশন কমান্ডার বলেন, শুধু আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাই নয় বরং সেই সাথে সর্বস্তরের জনসাধারণের সচেতনতা ও সহযোগিতাই পারবে সরকার ঘোষিত জাটকা নিধন অভিযান সফল করতে। যার মাধ্যমে বাংলাদেশে ইলিশের সোনালী অতীতকে ফিরিয়ে আনা সম্ভব হবে। জাতীয় সম্পদ রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
