
মিজান লিটন ॥
চাঁদপুর সরকারি কলেজ থেকে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন করার অনুমতি না নেওয়ায় সংগঠনের ২ জন কে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার দুপুরে আটককৃতদেরকে কলেজ থেকে মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন : ইসলামী ছাত্র আন্দোলনের বর্তমান সভাপতি এসএম মহিউদ্দিন মিয়াজী ও সাবেক সভাপতি মহসিন।
ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জানায়, কলেজ কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার আমাদেরকে সম্মেলন না করার জন্যে নির্দেশ দেন। কিন্তু এরমধ্যে আমাদের সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়। সকল ছাত্র সংগঠনই কলেজ ক্যাম্পাসে কর্মসূচি পালন করে থাকে। এ ঘটনায় কলেজ ক্যাম্পাস থেকে কোন ছাত্র নেতাকে পুলিশ আটক করতে পারে না।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন বলেন, আজকে কলেজের এসএইচসি পরীক্ষার্থীদের মিলাদ-দোয়া কর্মসূচী ছিল। ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে সম্মেলন না করার জন্যে বলা হয়। কিন্তু তারা আমাদের নির্দেশ অমান্য করে সম্মেলন করায় দুই জনকে আমার কক্ষে ডেকে আনা হয়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্লাহ বলেন, কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে সম্মেলন করায় এদেরকে আটক করা হয়। তাদের অন্য কোন উদ্দেশ্য রয়েছে কিনা তা প্রাথমিক তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
