স্টাফ রিপোর্টার
গত কয়েক দিনে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ সবচে’ বেশি পালিত হচ্ছে চাঁদপুর শহরতলীর বাবুরহাটসহ আশপাশের এলাকায়। গতকাল ৩ ডিসেম্বর মঙ্গলবারসহ গত ৪ দিনে চাঁদপুর শহরের রিক্সা, অটোবাইক, মোটর সাইকেল মোটামুটি চলাচল করলেও সাধারণ মানুষজন এবং রিক্সা, অটোবাইক, মোটর সাইকেল ভাংচুর করা হচ্ছে বেশির ভাগই বাবুরহাট এলাকাসহ মঠখোলা ও ওয়াপদা গেইট এলাকায়।
গতকাল দুপুর প্রায় ১টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মার্কেটের সামনে কুমিল¬া-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে পুলিশের পিকআপ ভ্যান যাওয়ার পথে পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারলে পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউণ্ড রাবার বুলেট ছুঁড়ে। এসময় বাবুরহাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে এই ভাংচুরে ১৮ দলীয় তথা বিএনপি’র উলে¬খযোগ্য নেতা-কর্মীদের খুব একটা দেখা না গেলেও কিশোর বয়সের বিশেষ করে ১০/১৫ বছরের ছেলেদেরকে হঠাৎ হঠাৎ চলাচলকারী যানবাহন ভাংচুর করতে দেখা যায়। আর এর জন্য অজানা আতঙ্কে থাকতে হয় এসকল যানবাহনের ড্রাইভার ও যাত্রী সাধারণকে। অনেক যাত্রী সাধারণকে অবরোধ চলাকালীন সময়ে পায়ে হেঁটে চাঁদপুর শহর থেকে বিভিন্ন স্থানে ও বাবুরহাট থেকে চাঁদপুর শহর পর্যন্ত অতিকষ্টে পায়ে হেঁটে যেতে দেখা যায়।
এসময় বিভিন্ন অফিস, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ শ্রমজীবি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বলতে শুনা যায়, রাজধানীসহ সারা বাংলাদেশের অবরোধকারীরা মনে হয় বাবুরহাট এলাকায় এসে উপস্থিত হয়ে মারাত্মকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ভাংচুর করে, অবরোধ করে যাচ্ছে। সাধারণ মানুষের কাছে তথা জেলাবাসীর কাছে, অবরোধের বা হরতালের আতঙ্কিত স্থানের নাম বর্তমানে বাবুরহাট এলাকা।

