চাঁদপুর জেলা ছাত্রলীগের ৮ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন!
সভাপতি আতাউর রহমান পারভেজ ও সম্পাদক পারভেজ করিম বাবু
চাঁদপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন সংক্রান্ত সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্র গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) পাওয়া গেছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত ওই পত্রে বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার ৮ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটির বিষয়ে জানা গেছে। এ বিষয়টির সত্যতা নতুন কমিটির সভাপতিও নিশ্চিত করেছেন।গতকাল ২৯/১২/২০১৬ খ্রিঃ তারিখে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আতাউর রহমান পারভেজকে সভাপতি ও পারভেজ করিম বাবুকে সাধারণ সম্পাদক করে চাঁদপুর জেলা ছাত্রলীগের ৮ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অপর ৬জন হচ্ছেন : সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন ও হাসিব পাটোয়ারী, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না ও মোঃ জহির উদ্দিন মিজি, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল সুজন ও আশরাফুল ইসলাম সোহাগ। ওই পত্রে উল্লেখ করা হয় আগামী ১ বছরের জন্যে চাঁদপুর জেলা ছাত্রলীগের এ কমিটি অনুমোদন দেয়া হলো।
এদিকে ফেসবুক থেকে পাওয়া এ পত্রের ব্যাপারে গতকাল রাত ২টার দিকে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতার সাথে যোগাযোগ করলে তারা এর সত্যতা স্বীকার করেন। তবে উল্লেখিত ৮ জনের মধ্যে ২/১ জন বিবাহিত বলে ওইসব নেতার কেউ কেউ জানান। যেটি বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক। তবে এ বিষয়টি গতকাল তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
রাত সোয়া ২টায় নতুন কমিটির সভাপতি আতাউর রহমান পারভেজের সাথে যোগাযোগ করা হলে তিনি অনুমোদিত এই ৮ সদস্য বিশিষ্ট কমিটির সত্যতার ব্যাপারে নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল রাত প্রায় সাড়ে ১১টার দিকে তিনি এবং নতুন সাধারণ সম্পাদক মোঃ পারভেজ করিম বাবুর হাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নিজে তাদের স্বাক্ষরিত চাঁদপুর জেলা ছাত্রলীগের উক্ত অনুমোদিত কমিটির কপি তুলে দেন।
