মেয়াদোত্তীর্ণ চাঁদপুর জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক বিলপ্তকৃত কমিটির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক। এক নম্বর যুগ্ম আহ্বায়ক চাঁদপুর শহর বিএনপির সভাপতি অ্যাডঃ সলিম উল্যা সেলিম। আজ দুপুরে আহ্বায়ক কমিটির সকল সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে শেখ ফরিদ আহমেদ মানিক ঘোষণা করবেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুরের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটিতে ১৫ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৫৫ জন সদস্য করা হয়েছে।জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর নিউজকে বলেন, এ মুহূর্তে আহ্বায়ক কমিটির সকল সদস্যের নাম বলা সম্ভব হচ্ছে না। তবে আগামীকাল (আজ শনিবার) দুপুরে আনুষ্ঠানিকভাবে সকলের নাম জানানোর চেষ্টা করবো।উল্লেখ্য, ২০১০ সালের ২৯ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে তিন বছর মেয়াদী চাঁদপুর জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিলো। ইতিমধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে প্রায় এক বছর অতিক্রান্ত হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিঃ মমিনুল হক বলেন, আমাকে হুদা ভাই (মতলব উত্তরের সাবেক এমপি) ফোনে বিষয়টি জানিয়েছে। তাছাড়া টিভিতেও দেখেছি। তিনি বলেন, আমাদের জেলা কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে। তাছাড়া অভ্যন্তরীণ কিছু ঝামেলাও ছিলো। তবে আমাদের দলের যুগ্ম মহাসচিব শাহজাহান ভাই গতকাল (বুধবার) বলেছিলেন, আগামী ১৪ ডিসেম্বর রোববার মানিক ভাই এবং আমাকে নিয়ে ঢাকায় বসবেন। যেহেতু আজ (বৃহস্পতিবার) আহ্বায়ক কমিটি ঘোষণা হয়ে গেছে সেহেতু আগামী রোববার আর বসার সম্ভাবনা থাকছে না।
এদিকে গত বৃহস্পতিবার দৈনিক যুগান্তরে ইঞ্জিঃ মমিনুল হকের বক্তব্য ছাপা হওয়ার পর এর প্রতিক্রিয়া হিসেবে তড়িঘড়ি করে উক্ত কমিটি ঘোষণা দেয়া হয়েছে বলে শহরে গুঞ্জন ছড়িয়ে পড়ে। গতকাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই শুরু হয় ওই কমিটিতে স্থান পাওয়া সৌভাগ্যবানদের নাম জানার কৌতুহল। কিন্তু শেষ পর্যন্ত সকলের নাম জানা সম্ভব হয়নি। তবে একাধিক সূত্রে যাদের নাম জানা গেছে তাদের মধ্যে রয়েছেন দেওয়ান মোঃ সফিকুজ্জামান, কাজী গোলাম মোস্তফা, মুনির চৌধুরী, সেলিমুস সালাম, মাহবুব আনোয়ার বাবলু, ফেরদৌস আলম বাবু, অ্যাডঃ হারুনুর রশিদ, এমএ শুক্কুর পাটোয়ারী (মতলব দঃ), ইমাম হোসেন (হাজীগঞ্জ), জয়নাল আবেদীন (ফরিদগঞ্জ), দেলোয়ার হোসেন মিয়াজী (শাহ্রাস্তি), হুমায়ুন কবির (কচুয়া) প্রমুখ। এর বাইরে সাবেক এমপিদের দু চারজনের নাম রয়েছে বলে জানা গেছে।