চাঁদপুর নিউজ রিপোর্ট
মা ইলিশের অবাধ বিচরনের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় সকল ধরনের মাছ নিধনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
আজ (২৫ সেপ্টেম্বর) শুক্রবার থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে। এ সময় মা ইলিশ নিধন, বিক্রয়, পরিবহন ও মওজুদ সম্পূর্ণ নিষেধ থাকবে। আর এ কর্মসূচী বাস্তবায়ন করার জন্য চাঁদপুর জেলা প্রশাসন কঠোর প্রস্তুতি নিয়েছেন।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, এ বছর মা ইলিশ রক্ষায় পূর্ব থেকেই জেলে পাড়াগুলোতে সচেতনতামূলক সভা করা হয়েছে। আজ থেকে মতলব উত্তরের ষাটনল, চাঁদপুর মেঘনা মোহনায় এবং হাইমচর এলাকায় জেলা টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হবে। বর্তমানে চাঁদপুর কোস্টগার্ডের নেতেৃত্ব, মৎস্য কর্মকর্তা ও নৌ-পুলিশের একটি টীম টহলরত রয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল জানান, গত ২ মাস পূর্ব থেকে মা ইলিশ রক্ষার্থে জেলে, জেলে সংগঠন, স্থানীয় চেয়ারম্যান এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সভা ও আলোচনা হয়েছে। জেলেরা নিয়ম না মানলে কমপক্ষে ১বছর থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হবে। জাতীয় সম্পদ রক্ষায় আমরা কাউকে ছাড় দিব না। প্রয়োজনে সেনাবাহিনী ও র্যাব কাজে লাগানো হবে।

